একজন বিশ্বস্ত কর্মকর্তাকে হারালাম: প্রধানমন্ত্রী

197

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে তিনি মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম হারালো একজন প্রিয় সহকর্মীকে আর আমি হারালাম একজন বিশ্বস্ত কর্মকর্তাকে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার (১০ মার্চ) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহসানুল করিম মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ইহসানুল করিম গত বছরের ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালেই তার মরদেহ রাখা হয়েছে।

পূর্বের খবরনারী নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে সরকার: প্রতিমন্ত্রী
পরবর্তি খবরপ্রথম থেকেই খেলবেন তামিম, সাকিবের মাঠে নামা নিয়ে সংশয়